সারাদিন ঘর এবং বাইরের সামলাতে গিয়ে মহিলারা প্রায়শই নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন। চিকিৎসকদের মতে, হরমোনের ওঠানামা, মাসিক চক্র, গর্ভাবস্থা এবং মেনোপজের মতো শারীরিক পরিবর্তনের কারণে নারীদের শরীরে পুষ্টির চাহিদা পুরুষদের তুলনায় অনেক বেশি থাকে। সুস্থ ও দীর্ঘ জীবন পেতে প্রতিটি মহিলার ডায়েটে এই ৫টি ভিটামিন থাকা আবশ্যিক।
কেন এই ৫ ভিটামিন আপনার সেরা বন্ধু?
১. ভিটামিন D (ক্যালসিয়ামের রক্ষাকবচ):
ভারতীয় মহিলাদের মধ্যে ভিটামিন ডি-এর অভাব প্রকট। এটি হাড়ের ঘনত্ব বজায় রাখে। এর অভাবে অল্প বয়সেই অস্টিওপরোসিস বা হাড়ের রোগ দেখা দেয়। পর্যাপ্ত সূর্যের আলো এবং ডিমের কুসুম এর প্রধান উৎস।
২. ভিটামিন B12 (শক্তির আধার):
সব সময় কি ঝিমুনি বা ক্লান্তি লাগে? তবে আপনার শরীরে বি-১২ কম থাকতে পারে। এটি রক্তকণিকা তৈরি এবং স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখে। নিরামিষাশীদের মধ্যে এর ঘাটতি বেশি দেখা যায়, তাই দুধ বা দুগ্ধজাত খাবার নিয়মিত খাওয়া জরুরি।
৩. ফলিক অ্যাসিড বা ভিটামিন B9:
প্রজনন ক্ষমতা ঠিক রাখা এবং গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশের জন্য এটি অপরিহার্য। এছাড়া এটি রক্তাল্পতা (Anemia) দূর করে। সবুজ শাকসবজি এবং লেবুজাতীয় ফলে প্রচুর ফলিক অ্যাসিড থাকে।
৪. ভিটামিন C (রূপ ও সুরক্ষা):
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি-এর জুড়ি নেই। এটি শরীরের কোলাজেন উৎপাদন বাড়িয়ে অকাল বলিরেখা রোধ করে। আমলকী, পেয়ারা এবং কমলালেবু এর সেরা উৎস।
৫. ভিটামিন E (বন্ধ্যাত্ব ও চুল):
ত্বক ও চুলের জৌলুস ফেরাতে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করতে ভিটামিন ই অত্যন্ত কার্যকর। এটি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট যা ক্যানসারের ঝুঁকিও কমায়। আমন্ড বাদাম ও পালং শাক থেকে এটি সহজে পাওয়া যায়।