ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই রণংদেহি মেজাজে ধরা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেছেন, আমেরিকার হাতে বর্তমানে ‘সীমাহীন’ উন্নতমানের অস্ত্র মজুত রয়েছে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, মার্কিন সামরিক শক্তি এখন এতটাই তুঙ্গে যে আমেরিকা চাইলে ‘অনন্তকাল’ সফলভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করে ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন ইউক্রেনকে শত শত বিলিয়ন ডলারের উন্নত অস্ত্র বিনামূল্যে দিয়ে দিলেও দেশীয় ভাণ্ডার পূর্ণ করার কথা ভাবেননি। ট্রাম্পের কথায়, “বাইডেন দেশের অর্থ ও সম্পদ ইউক্রেনের জেলেনস্কিকে উজাড় করে দিয়েছেন, কিন্তু আমি আমার প্রথম মেয়াদে সামরিক বাহিনীকে যে শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিলাম, সেই পুনর্গঠন প্রক্রিয়া এখন আরও জোরদার করেছি।”
ট্রাম্প আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অভিযানের মূল লক্ষ্য ছিল মার্কিন সেনা ও ভূখণ্ডের সুরক্ষা এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ বাণিজ্যিক প্রবাহ বজায় রাখা। একইসঙ্গে ইজরায়েলসহ বন্ধু দেশগুলোর আত্মরক্ষার অধিকারকে সমর্থন করাও আমেরিকার অগ্রাধিকার। কোনও স্থলসেনা মোতায়েন না করেই ইরানের ‘অশুভ কর্মকাণ্ড’ রুখে দিতে এবং ভবিষ্যতে হামলা প্রতিরোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনও বড় জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি।