সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত কচিকাচাদের সঙ্গে সেলফি তোলা থেকে শুরু করে ভাঙড়া ও ডান্ডিয়া নাচে তাল মেলানো— চেনা মেজাজেই দেখা গেল তাঁকে। তবে উৎসবের আবহের মাঝেই রাজনীতির ময়দানে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। চূড়ান্ত ভোটার তালিকায় ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৬০ হাজার নাম বাদ যাওয়া ও ‘বিচারাধীন’ তালিকায় থাকা নিয়ে তিনি সরাসরি তোপ দাগলেন জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপির দিকে।
মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সুরে বলেন, “আমার কেন্দ্র ভবানীপুর থেকে যদি ১০ হাজার, ৩০ হাজার বা ৬০ হাজার নামও বাদ দিয়ে দেওয়া হয়, তাও আমিই জিতব। যদি একটি মাত্র ভোটও থাকে, তাতেও জয় নিশ্চিত।” বিজেপি ও কমিশনকে ‘অশুভ শক্তি’ বলে দেগে দিয়ে তিনি অভিযোগ করেন, চক্রান্ত করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আগামী ৬ এপ্রিল তিনি কলকাতায় মেগা ধরনায় বসবেন বলেও ঘোষণা করেছেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই এসআইআর (SIR) পর্বে মৃত ৬১ জনের পরিবারের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ বার্তা, লড়াইটা কেবল একটি কেন্দ্রের নয়, বরং প্রতিটি মানুষের অধিকার রক্ষার।