ঘড়ির কাঁটা ঘোরার আগেই শুরু হয়ে গেল চরম প্রত্যাঘাত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েল ও মার্কিন স্বার্থে সরাসরি যুদ্ধ ঘোষণা করল ইরান। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে, তারা তেল আভিভ এবং হাইফাকে লক্ষ্য করে কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই ক্ষেপণাস্ত্র বর্ষণের জেরে গোটা মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
সবচেয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত উড়ান হয় বাতিল করা হয়েছে অথবা অন্য দেশে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিশ্বের উচ্চতম ভবন ‘বুর্জ খলিফা’ থেকে সমস্ত মানুষ ও পর্যটকদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। দুবাইয়ের রাস্তায় এখন শুধু সাইরেনের শব্দ আর আতঙ্কিত মানুষের ভিড়। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যে সমস্ত দেশ ইজরায়েল বা আমেরিকাকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে, তাদেরও রেয়াত করা হবে না। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন—এই বিধ্বংসী লড়াই কি আধুনিক সভ্যতার বিনাশ ডেকে আনবে?