পশ্চিম এশিয়ার আকাশ এখন বারুদের ধোঁয়ায় ঢাকা। আমেরিকা, ইজরায়েল এবং ইরানের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের জেরে অচল হয়ে পড়েছে আরবের বিমান পরিষেবা। দুবাই, দোহা, রিয়াদ ও কুয়েতের আকাশপথ বন্ধ করে দেওয়ায় হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে বিদেশের মাটিতে আটকে পড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
মাঝ আকাশ থেকে ফিরল বিমান!
পবিত্র হজ পালন শেষে মক্কা থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। জেড্ডা থেকে দুবাইগামী (EK0806) বিমানে উঠেছিলেন ঠিকই, কিন্তু যুদ্ধের আশঙ্কায় মাঝ আকাশ থেকেই বিমানটিকে পুনরায় জেড্ডায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে আরও হাজার হাজার বিপর্যস্ত যাত্রীর সঙ্গে বিমানবন্দরেই প্রহর গুনছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মুশফিকের আবেগঘন পোস্ট
দুবাই বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতির আপডেট দিয়ে নিজের ফেসবুক পেজে মুশফিকুর রহিম লেখেন:
“দু’দিন আগে হজের জন্য মক্কায় এসেছিলাম। জেড্ডা থেকে দুবাই যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু আমেরিকা-ইজরায়েল ও ইরানের সংঘাতের কারণে সব ফ্লাইট আবার জেড্ডায় ফিরে এসেছে। এখন হাজার হাজার যাত্রীর সঙ্গে আমিও অপেক্ষায় আছি। একমাত্র ঈশ্বরই জানেন, আমরা কবে এবং কীভাবে ঢাকায় ফিরব। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।”
বন্ধ আকাশপথ, বিমানবন্দরে হাহাকার
সংযুক্ত আরব আমিরশাহি এবং পার্শ্ববর্তী দেশগুলোতে একের পর এক বিস্ফোরণের খবরের জেরে আকাশপথ সম্পূর্ণ অনিরাপদ হয়ে পড়েছে। দুবাই এবং দোহার আকাশে ড্রোন ও মিসাইল প্রতিহত করার ঘটনায় উড়ান বাতিল করা হয়েছে। এর ফলে দুবাইয়ের মতো ব্যস্ত বিমানবন্দরে আটকে পড়েছেন বহু বাংলাদেশি ও ভারতীয় যাত্রী।
চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে আগেই অবসর নেওয়া এই টেস্ট স্পেশালিস্টের আটকে পড়ার খবরে উদ্বিগ্ন বাংলাদেশের ক্রিকেট মহল। যুদ্ধবিধ্বস্ত এই পরিস্থিতি কাটিয়ে মুশফিকুর রহিম সহ বাকি যাত্রীরা কবে সুস্থভাবে দেশে ফিরতে পারবেন, এখন সেটাই বড় প্রশ্ন।