টিকিট না থাকার সুযোগে সর্বনাশ! এসি ফার্স্ট ক্লাসে এনসিসি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা টিটিই-র।

রেলপথে ফের নিরাপত্তাহীনতার কোপ। টিকিট না থাকার সুযোগ নিয়ে এক এনসিসি (NCC) পরীক্ষার্থীকে চলন্ত ট্রেনে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠল এক টিটিই-র (TTE) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত রবিবার আমেদাবাদ-গোরক্ষপুর এক্সপ্রেসে। অভিযুক্ত টিটিই রাহুল কুমার বর্তমানে পলাতক এবং তাঁর মাথার ওপর ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছে রেল পুলিশ (GRP)।

নির্যাতিতা উত্তরপ্রদেশের মৌ জেলার বাসিন্দা এবং গোরক্ষপুরে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। এনসিসি ‘সি’ সার্টিফিকেট পরীক্ষা দিয়ে ফেরার পথে ভিড়ের কারণে তিনি টিকিট কাটতে পারেননি। এসি কামরায় উঠে টিটিই রাহুলের কাছে একটি আসনের আবেদন করেন তিনি। অভিযোগ, সিট দেওয়ার নাম করে তরুণীকে এসি ফার্স্ট ক্লাসের একটি কেবিনে নিয়ে যান রাহুল। সেখানে তাঁর সঙ্গে আর কেউ আছে কি না নিশ্চিত হওয়ার পর, কেবিনের দরজা আটকে ছাত্রীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন ওই টিটিই। বাধা দিলে তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

তৎক্ষণাৎ তরুণী ১১২ ডায়াল করে অভিযোগ জানালে ট্রেনটি দেওরিয়া স্টেশনে পৌঁছাতেই অভিযুক্ত রাহুল কুমার পালিয়ে যান। গোরক্ষপুর জিআরপি-র এসপি লক্ষ্মীনিবাস মিশ্র জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দেওরিয়া জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে। রাহুলকে খুঁজে পেতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে এবং তাঁকে বরখাস্ত করার জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy