টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার চেনা ছবি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে রবিবাসরীয় মহারণে ফের একবার দাপুটে জয় ছিনিয়ে নিল ভারত। ৬১ রানের বিশাল ব্যবধানে পাক ব্রিগেডকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ভারতের ১৭৫ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। হাসতে হাসতে জয় পেয়ে মাঠ ছাড়েন মেন ইন ব্লু-র ক্রিকেটাররা।
ম্যাচ হারের পরেই পাকিস্তান শিবিরে শুরু হয়েছে চরম অস্থিরতা ও দোষারোপের পালা। দলের এই শোচনীয় হারের পর পাক অধিনায়ক সলমান আলি আঘা নিজের হতাশা আর চেপে রাখতে পারেননি। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে তিনি সরাসরি স্বীকার করেন যে, বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই ভারতের সামনে তারা নখদন্তহীন ছিল। বিশেষ করে স্পিনারদের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন তিনি। আঘা বলেন, “আমাদের স্পিনারদের আজ দিনটা একেবারেই ভালো ছিল না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্কিলের অভাব চোখে পড়েছে।” তবে একই সঙ্গে দলের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “এই ছেলেরাই গত ৬ মাস ভালো খেলেছে, তাই আস্থা হারাচ্ছি না। কিন্তু আজ আমরা পরিকল্পনামতো কিছুই করতে পারিনি।”
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সলমান, যা এখন বিশেষজ্ঞদের আতস কাঁচের নীচে। সেই প্রসঙ্গে আঘার যুক্তি, “ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হবে। কিন্তু কন্ডিশন বুঝতে আমরা ভুল করেছি। পাওয়ার-প্লেতে ৩-৪টি উইকেট পড়ে গেলে ম্যাচে ফেরা কঠিন।” অন্যদিকে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এই জয় উৎসর্গ করেছেন দেশবাসীকে। তিনি বিশেষভাবে ইশান কিষানের লড়াকু ইনিংসের প্রশংসা করে বলেন, “ইশান যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে, সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ০ রানে ১ উইকেট পড়ার পর ও অন্য মাইন্ডসেট নিয়ে ব্যাট করেছে।” এই হারের ফলে পাকিস্তানের সুপার এইটে ওঠা এখন বিশ বাঁও জলে।