সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। উত্তরপ্রদেশের কানপুরের এইচডিএফসি ব্যাঙ্কের একটি শাখায় এক মহিলা কর্মী গ্রাহকের সঙ্গে যে ধরনের দুর্ব্যবহার করেছেন, তা দেখে স্তম্ভিত নেটপাড়া। যেখানে ব্যাঙ্কের প্রধান কাজ গ্রাহক পরিষেবা, সেখানে একজন কর্মীর এমন আচরণ রীতিমতো নিন্দার ঝড় তুলেছে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিযুক্ত মহিলা ব্যাঙ্ক কর্মী, যার নাম আস্থা সিং বলে দাবি করা হচ্ছে, এক গ্রাহকের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। উত্তেজিত অবস্থায় তাকে বলতে শোনা যায়, “আমি ঠাকুর!” এই মন্তব্য করে তিনি নিজের জাত্যাভিমান প্রকাশ করেছেন এবং গ্রাহকের সামনে নিজের একটি ‘উঁচু’ অবস্থান বোঝানোর চেষ্টা করেছেন। এখানেই শেষ নয়, ভিডিওতে আরও দেখা যাচ্ছে, আস্থা সিং তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করছেন এবং গ্রাহকের উদ্দেশ্যে আপত্তিকর ও অশ্লীল শব্দ ব্যবহার করছেন। তার পাশেই থাকা অন্য দুই মহিলা সহকর্মী তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আস্থা সিং ক্রমাগত উত্তেজিতভাবে গ্রাহকের দিকে তেড়ে যাচ্ছিলেন।
এই ভিডিও এক্স (পূর্বে টুইটার) সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বেশিরভাগেরই মত, ব্যাঙ্কের মতো একটি পেশাদার প্রতিষ্ঠানে এমন জাত্যাভিমান এবং অভদ্র আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। অনেকে বলছেন, গ্রাহকদের সঙ্গে এমন দুর্ব্যবহার ব্যাঙ্কের ভাবমূর্তি নষ্ট করে। একজন গ্রাহককে তার সামাজিক অবস্থান বা জাতের ভিত্তিতে অপমান করা আইনের চোখেও অপরাধ। এইচডিএফসি ব্যাঙ্কের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে এই ঘটনার ফলে ওই ব্যাঙ্ক কর্মী এবং সংশ্লিষ্ট শাখার ওপর চাপ বাড়ছে। এই ঘটনার জেরে গ্রাহক পরিষেবার মান এবং কর্মীদের আচরণের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।