ইডেনে ইতালির দুঃস্বপ্ন! হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু, ছিটকে গেলেন অধিনায়ক ম্যাডসেন

কলকাতার নন্দনকানন ইডেন গার্ডেন্সে ইতালির ক্রিকেটীয় বিশ্বযুদ্ধ শুরু হতে না হতেই বড় ধাক্কা খেল ‘আজুরি’ বাহিনী। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে ৭৩ রানের বিশাল ব্যবধানে হার তো বটেই, দোসর হিসেবে এল অধিনায়ক ওয়েন ম্যাডসেনের মারাত্মক চোট। চতুর্থ ওভারে ফিল্ডিং করার সময় ডাইভ দিতে গিয়ে কাঁধের হাড় সরে যায় ৪২ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের। মাঠেই যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় তাঁকে। এরপর তাঁকে স্লিঙের সাহায্যে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কোচ জন ডেভিডসনের আশঙ্কা, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ম্যাডসেনকে পাওয়া অনিশ্চিত।

স্কটিশ দাপট ও রেকর্ডের বন্যা: টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ইতালির অধিনায়ক। কিন্তু জর্জ মুন্সে (৮৪) এবং মাইকেল জোন্স (৩৭) ১৩ ওভারেই ১২৬ রান তুলে ইতালির বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন। এরপর ব্রান্ডন ম্যাকমুলেনের ১৮ বলে ৪১ এবং মাইকেল লিস্কের ৫ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস স্কটল্যান্ডকে পৌঁছে দেয় ২০৭/৪-এ। যা এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম ২০০ রানের গণ্ডি পেরনো স্কোর।

ইতালির লড়াই ও বিপর্যয়: ২০৮ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জাস্টিন মোস্কার উইকেট হারায় ইতালি। তবে হ্যারি মানেন্তি (৩৭) এবং বেঞ্জামিন মানেন্তি (৫২) জুটি বাঁধলে কিছুটা আশা জেগেছিল। বেঞ্জামিন ইতালির ইতিহাসে প্রথম বিশ্বকাপ হাফসেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়েন। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় ১৩৪ রানেই শেষ হয়ে যায় ইতালির ইনিংস। স্কটল্যান্ডের মাইকেল লিস্ক ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

ইতালির এই হারের চেয়েও বড় ক্ষত হয়ে রইল ম্যাডসেনের চোট। অধিনায়ককে ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো হেভিওয়েট প্রতিপক্ষের মোকাবিলা করা ‘ডার্ক হর্স’ ইতালির কাছে পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy