বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের আঁচ এবার কলকাতা পুরনিগমেও। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া ২৫ শতাংশ ডিএ অবিলম্বে মেটানোর দাবিতে সরব হয়েছে বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠন। রবিবার পুরনিগমের ভেতরে ব্যানার লাগিয়ে নতুন করে প্রচার ও আন্দোলন শুরু করেছে তারা।
তবে এই দাবি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, “কলকাতা পুরনিগম আলাদা কিছু করতে পারে না। রাজ্য সরকার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করলে তবেই পুরসভা পদক্ষেপ নেবে। নিয়ম মেনেই সব হবে।”
বাম ইউনিয়ন ‘কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক মানস সিনহা জানিয়েছেন, সুপ্রিম নির্দেশের দ্রুত বাস্তবায়ন চান তাঁরা। প্রয়োজনে আবারও বড়সড় মিছিলে নামবে সংগঠন। আইএনটিইউসি নেতা শঙ্কর রায়ও এই দাবিতে পুর কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। আদালতের নির্দেশের পর এবার ডিএ নিয়ে নবান্ন ও পুরসভার মধ্যে প্রশাসনিক লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে কর্মী মহল।