সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ে জয় এসেছে, কিন্তু অধিকার বুঝে না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছেন না রাজ্য সরকারি কর্মীরা। রবিবার বকেয়া ২৫ শতাংশ ডিএ অবিলম্বে মেটানোর দাবিতে ফের বড়সড় মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত আয়োজিত এই মিছিলে অংশ নেন হাজার হাজার সরকারি কর্মী। মিছিলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ স্পষ্ট জানান, “আদালত স্পষ্ট করে দিয়েছে ডিএ মৌলিক অধিকার। অথচ সরকার বাজেটে এই নিয়ে কোনও বরাদ্দ করেনি। বর্তমান বকেয়া ডিএ ৪০ শতাংশ, যার মধ্যে মাত্র ৪ শতাংশ ঘোষণা করা হয়েছে। বাকি ৩৬ শতাংশ না পাওয়া পর্যন্ত লড়াই চলবে।” এমনকি আসন্ন নির্বাচনে কাজ না করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা। মিছিলে সরকার বিরোধী স্লোগান এবং বাদ্যযন্ত্রের তালে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।
উল্লেখ্য, আইনি লড়াইয়ে পাশে থাকার জন্য আইনজীবী তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও বড় সম্মান জানিয়েছে যৌথ মঞ্চ। তবে রবিবারের এই বিপুল জমায়েত বুঝিয়ে দিল, ডিএ ইস্যুতে নবান্নের ওপর চাপ আরও বাড়াতে চলেছে সরকারি কর্মচারীদের এই সংগঠন।