২০২১ সালের সেই স্মৃতি কি ফিরে আসবে ২০২৬-এ? কাকতালীয়ভাবে একুশের নির্বাচনের আগেও ৫ ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছিল, আর চব্বিশের লোকসভা মিটে ২০২৬-এর বিধানসভা ভোটের আগেও সেই ৫ ফেব্রুয়ারিতেই পেশ হতে চলেছে অন্তর্বর্তীকালীন বাজেট বা ‘ভোট অন অ্যাকাউন্ট’। আজ দুপুর আড়াইটে নাগাদ বিধানসভায় চোখ থাকবে গোটা বাংলার, কারণ নির্বাচনের আগে এটাই শেষ সুযোগ জনমোহিনী প্রকল্প ঘোষণার।
নজরে রয়েছে বিশেষত ‘লক্ষ্মীর ভাণ্ডার’। গত লোকসভা ভোটের আগে এই প্রকল্পের অঙ্ক বাড়ানো হয়েছিল; বর্তমানে সাধারণ মহিলারা মাসে ১,০০০ টাকা এবং তফশিলি জাতি-উপজাতিভুক্ত মহিলারা ১,২০০ টাকা করে পান। রাজনৈতিক মহলের ধারণা, মহিলা ভোটব্যাঙ্ক অটুট রাখতে আজকের বাজেটে এই প্রাপ্য আরও বাড়ানোর ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
বাজেটের নির্ঘণ্ট:
দুপুর ১২:৩০: রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের ভাষণ।
দুপুর ০২:৩০: অন্তর্বর্তীকালীন বাজেট পেশ।
প্রশান্ত কিশোরের পরামর্শে একুশের আগে মুখ্যমন্ত্রী নিজেই বাজেট পেশ করে চমক দিয়েছিলেন। ২০২৬-এর রণকৌশল সাজাতে আজ তৃণমূলের ঝুলি থেকে কোন কোন নতুন প্রকল্প বা বরাদ্দ বৃদ্ধির বার্তা আসে, সেদিকেই তাকিয়ে রয়েছে আমজনতা থেকে বিরোধী শিবির।