বকেয়া ডিএ (DA) মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার শীর্ষ আদালতের ১১ নম্বর এজলাসে বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চ সাফ জানিয়ে দিল— সরকারি কর্মীদের ডিএ দিতেই হবে। এই ঐতিহাসিক রায়ের ফলে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে জয়ী হলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। ঠিক যে দিন রাজ্য বাজেট পেশ হতে চলেছে, সেই দিনই আদালতের এই নির্দেশ নবান্নের ওপর চাপ কয়েক গুণ বাড়িয়ে দিল।
অতীতের পরিসংখ্যান বলছে, ২০২৩ থেকে ২০২৫— প্রতি বছরই রাজ্য বাজেটের সময় ৩ থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মমতা সরকার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবং ভোটকে পাখির চোখ করে এবার ডিএ নিয়ে বড়সড় কোনও ‘ধামাকা’ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম পে কমিশনের অধীনে যেখানে ৫৮ শতাংশ ডিএ পাচ্ছেন, সেখানে বাংলার কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় অনেকটাই পিছিয়ে। রাজ্য বাজেটে এই ফারাক কতটা মেটানো হয় এবং আদালতের নির্দেশ মেনে বকেয়া মেটানোর কী রোডম্যাপ দেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।