মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় যেন টর্নেডো বয়ে গেল! টলিউডের ‘মেগাস্টার’ দেব এবং ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় এমন এক চমক দিলেন, যা দেখে কার্যত বাকরুদ্ধ অনুরাগীরা। নিজেদের বহু প্রতীক্ষিত প্রজেক্ট ‘দেশু ৭’ (DeShu 7) নিয়ে বড়সড় ঘোষণা করলেন এই ব্লকবাস্টার জুটি। এদিন তাঁরা জানিয়ে দিলেন, আগামী ৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে এই ছবির অগ্রিম টিকিট বুকিং। কিন্তু খবরের চেয়েও বেশি যা নজর কেড়েছে, তা হল তাঁদের পোস্ট করা দুটি ছবি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, দেব পিছন থেকে পরম আদরে শুভশ্রীকে জড়িয়ে ধরে আছেন। তাঁদের এই ঘনিষ্ঠ ও সাবলীল রসায়ন দেখে মুগ্ধ নেটপাড়া। কয়েক বছর আগে যে জুটির বিচ্ছেদ নিয়ে রাজ্য তোলপাড় হয়েছিল, তাঁদের পর্দায় এমন ‘মাখামাখি’ অবস্থায় দেখে একজন অনুরাগী লিখলেন, “এটা কি স্বপ্ন না সত্যি?” অন্য একজনের মন্তব্য, “হাতে হাত রেখে আবারও পথ চলা শুরু হোক তোমাদের।” প্রসঙ্গত, ২০২৬-এর পুজোয় মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর এই সপ্তম ছবি।
ছবির ঘরানা নিয়েও মুখ খুলেছেন দুই তারকা। দেব জানিয়েছেন, এটি একটি ‘রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলার ড্রামা’। শুভশ্রীর কথায়, এতে থাকবে “ঝাল-নুন-মিষ্টির স্বাদ”। চিত্রনাট্যের জন্য প্রায় ১০ জন লেখক কাজ করছেন বলে জানান দেব। সিনেমার আসল নাম এখনও চূড়ান্ত না হলেও, আগামী ১ বৈশাখ বড়সড় অনুষ্ঠানের মাধ্যমে ছবির সম্পূর্ণ কাস্টিং ঘোষণা করা হবে। তবে আপাতত দেব-শুভশ্রীর এই ভাইরাল ফটোশুটই টলিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয়।