উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের মড়িয়াঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। মাত্র ৫০০ টাকার হিসেব দিতে না পারায় মালিকের হাতে চরম লাঞ্ছনার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন এক রেস্তোরাঁ কর্মী। মৃত তরুণের নাম অংশু কাশ্যপ। পুলিশ তাঁর পকেট থেকে একটি আবেগঘন সুইসাইড নোট উদ্ধার করেছে, যা পড়ে চোখের জল ধরে রাখতে পারছেন না তদন্তকারীরাও।
অংশু স্থানীয় একটি বেকারিতে কাজ করতেন। সম্প্রতি ক্যাশ মেলাতে গিয়ে দেখা যায় ৫০০ টাকা কম পড়ছে। সামান্য এই ত্রুটির কারণে রেস্তোরাঁ মালিক প্রকাশ্যেই অংশুকে ‘চোর’ বলে সম্বোধন করেন এবং সকলের সামনে তীব্র অপমান করেন। সেই গ্লানি সহ্য করতে না পেরে আজ সকালে কাজে এসে সবার অলক্ষ্যে দোতলার ব্যাংকুয়েট হলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।
মৃত্যুর আগে লেখা চিঠিতে অংশু জানিয়েছেন, তিনি বরাবরই মালিকের প্রতি অনুগত ছিলেন, কিন্তু চুরির অপবাদ তাঁর কাছে অসহ্য হয়ে উঠেছিল। তিনি লিখেছেন, “আমি চোর নই। দয়া করে আমার মায়ের খেয়াল রাখবেন।” পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে পুলিশ সুইসাইড নোটের ভিত্তিতে মালিকের ভূমিকা খতিয়ে দেখছে।