রবিবার ছুটির দিনে বাজেট পেশ হলেও খোলা ছিল শেয়ার বাজার। আর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার কয়েক ঘণ্টার মধ্যেই ধস নামল সরকারি খাতের ব্যাঙ্কগুলোর (PSU Banks) শেয়ারে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচক এক ধাক্কায় ৭ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ১২টি ব্যাঙ্কের প্রতিটিই আজ লোকসানের মুখ দেখছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, যার শেয়ার দর কমেছে ৬ শতাংশ। এছাড়া এসবিআই, ইউনিয়ন ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারও ৪ থেকে ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
বাজার পতনের আসল কারণ কী? বাজার বিশেষজ্ঞদের মতে, পতনের মূলে রয়েছে সরকারের বিশাল ঋণের বোঝা। ২০২৬-২৭ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার বাজার থেকে রেকর্ড ১৭.২ লক্ষ কোটি টাকা ধার করার ঘোষণা করেছে। এই অঙ্কটি বিনিয়োগকারীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। সুদ পরিশোধ বাদে নিট ঋণের পরিমাণ হতে চলেছে প্রায় ১১.৭ লক্ষ কোটি টাকা।
ব্যাঙ্কগুলোর ওপর প্রভাব: সরকারের এই বিপুল ঋণের ঘোষণার সরাসরি প্রভাব পড়ছে বন্ড মার্কেটে। নিয়ম অনুযায়ী, সরকারের ঋণের পরিমাণ বাড়লে বন্ডের ‘ইল্ড’ বা প্রাপ্তি বেড়ে যায়। আর বন্ডের ইল্ড বাড়লে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর জন্য তা অশনি সংকেত। এর ফলে ব্যাঙ্কগুলোর ‘মার্ক-টু-মার্কেট’ পোর্টফোলিওতে বড় ধরনের ‘ট্রেজারি লস’ বা লোকসানের সম্ভাবনা তৈরি হয়। সহজ কথায়, বন্ডের দাম কমে যাওয়ায় ব্যাঙ্কের কাছে থাকা সরকারি সিকিউরিটিজের মূল্য হ্রাস পায়, যার ফলে শেয়ার বাজারে বড় ধরনের বিক্রির চাপ বা সেলিং প্রেসার তৈরি হয়েছে। বাজেটের এই একটি ঘোষণা নিমিষেই ব্যাঙ্কিং সেক্টরের কয়েক হাজার কোটি টাকা ধুয়ে মুছে দিয়েছে।