ChatGPT-তে বিজ্ঞাপন নিয়ে আসছে ওপেনএআই, ফ্রি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন নিয়ে আসছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাপটির ভেতর বিজ্ঞাপন দেখানোর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে কোম্পানিটি। শুক্রবার এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে যারা চ্যাটজিপিটির ফ্রি এবং নতুন ‘গো’ সংস্করণ ব্যবহার করছেন, তারা চ্যাটবটের সঙ্গে কথোপকথনের নিচে বিভিন্ন স্পনসর করা পণ্য বা বিজ্ঞাপন দেখতে পাবেন।

তবে ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাতে তিক্ত না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে। ওপেনএআই স্পষ্ট করেছে যে, এই বিজ্ঞাপনগুলো সাধারণ উত্তরের চেয়ে আলাদাভাবে লেবেল করা থাকবে এবং এটি চ্যাটজিপিটির উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় কোম্পানিটি প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা কোনো ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি বা শেয়ার করবে না। বিশেষ করে স্বাস্থ্য, মানসিক অবস্থা বা রাজনীতির মতো সংবেদনশীল বিষয়ে কথা বলার সময় কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। এমনকি ১৮ বছরের কম বয়সীদের জন্যও চ্যাটজিপিটি থাকবে সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত।

বিজ্ঞাপনের পাশাপাশি ওপেনএআই তাদের নতুন এবং সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান ‘চ্যাটজিপিটি গো’ (ChatGPT Go) যুক্তরাষ্ট্রে চালু করতে যাচ্ছে। গত বছর ভারতে প্রথম চালু হওয়া এই প্ল্যানটির দাম নির্ধারণ করা হয়েছে মাসে মাত্র ৮ ডলার, যা বর্তমানে প্রচলিত ‘প্লাস’ প্ল্যানের তুলনায় প্রায় ১২ ডলার কম। এই সাশ্রয়ী প্যাকেজে ফ্রি ব্যবহারকারীদের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ পাঠানো, ফাইল আপলোড এবং ছবি তৈরির সুবিধা মিলবে। সেই সঙ্গে বাড়বে চ্যাটবটের ‘মেমোরি’ বা তথ্য মনে রাখার সক্ষমতাও। তবে মনে রাখতে হবে, এই সাশ্রয়ী ‘গো’ প্ল্যানেও ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখতে হবে। সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতার জন্য গুণতে হবে চ্যাটজিপিটি ‘প্লাস’ বা ‘প্রো’ প্ল্যানের পুরো টাকা।

ওপেনএআই-এর দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো তাদের পণ্যকে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে এতটাই মূল্যবান করে তোলা, যাতে তারা অর্থ দিয়ে সেবাটি গ্রহণে আগ্রহী হয়। প্রযুক্তিবোদ্ধাদের মতে, গুগল সার্চের বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং আয়ের উৎস বাড়াতেই বিজ্ঞাপনের এই নতুন মডেল নিয়ে আসছে ওপেনএআই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy