অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে মর্যাদার লড়াইয়ে শেষ হাসি হাসল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। শনিবার বুলাওয়াওতে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও বৈভব সূর্যবংশী এবং অভিজ্ঞান কুণ্ডুর লড়াকু ইনিংসে ভর করে সম্মানজনক স্কোর খাড়া করে ভারত। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নীল বাহিনী।
বৈভব ও অভিজ্ঞানের ব্যাটে ঘুরে দাঁড়ানো ভারতীয় ইনিংসের শুরুটা নড়বড়ে হলেও ওপেনার বৈভব সূর্যবংশী ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ৬৭ বলে ৭২ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। চতুর্থ উইকেটে অভিজ্ঞানের সঙ্গে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। বৈভব আউট হওয়ার পর অভিজ্ঞান কুণ্ডু দলের হাল ধরেন। ১১২ বলে ধৈর্যশীল ৮০ রান করেন তিনি। কনিষ্ক চৌহানও ২৬ বলে ২৮ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে ভারতকে ২০৮/৮ স্কোরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয় ২৩৮ রানে। বাংলাদেশের হয়ে আল ফাহাদ একাই ৫টি উইকেট তুলে নেন।
বাংলাদেশের রান তাড়া ও ব্যাটিং বিপর্যয় ২৩৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। ওপেনার জাওয়াদ আবরার দ্রুত ফিরে গেলেও রিফাত বেগ (৩৭) এবং ক্যাপ্টেন আজিজুল হাকিম প্রতিরোধ গড়ে তোলেন। আজিজুল হাফ সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। কিন্তু ব্যক্তিগত ৫০ পার করার পরই ভারতীয় বোলারদের বিষাক্ত স্পেলে ধরাশায়ী হন তিনি। আজিজুল আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের দাপটে পরাজয় স্বীকার করতে হয় টাইগারদের।





