অরুণাচল প্রদেশে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন কেরলের একদল পর্যটক। শুক্রবার দুপুরে তাওয়াং জেলার বিখ্যাত সিলা লেকের বরফজমা জলে তলিয়ে মৃত্যু হয়েছে ২৬ বছর বয়সী এক যুবকের। নিখোঁজ আরও এক পর্যটক। মৃত যুবকের নাম দিনু (২৬) এবং নিখোঁজ পর্যটকের নাম মহাদেব (২৪)।
পুলিশ সূত্রে খবর, কেরালা থেকে ৭ জনের একটি পর্যটক দল অরুণাচল ভ্রমণে গিয়েছিলেন। শুক্রবার সিলা লেকের উপরিভাগে জমে থাকা বরফের ওপর দিয়ে হাঁটার সময় আচমকাই পা পিছলে হ্রদের কনকনে ঠাণ্ডা জলে পড়ে যান দলের এক সদস্য। তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গেই জলে ঝাঁপ দেন দিনু ও মহাদেব। পড়ে যাওয়া পর্যটককে তাঁরা প্রাণে বাঁচাতে পারলেও, নিজেরা আর জল থেকে ডাঙায় উঠতে পারেননি। হাড়হিম করা ঠাণ্ডায় লেকের গভীরে তলিয়ে যান দুজনেই।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দল। প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতার মধ্যেই দিনুর নিথর দেহ উদ্ধার করা সম্ভব হলেও মহাদেবের কোনো খোঁজ মেলেনি। অন্ধকার নেমে আসায় শুক্রবার বিকেলের পর উদ্ধারকাজ স্থগিত রাখা হয়। শনিবার সকাল থেকে পুনরায় তল্লাশি শুরু হয়েছে। তাওয়াংয়ের পুলিশ সুপার ডি ডব্লিউ থংগন জানিয়েছেন, সিলা লেক এলাকায় বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও অনেক সময় পর্যটকরা ঝুঁকি নিয়ে ফেলেন, যার পরিণাম এই মর্মান্তিক দুর্ঘটনা।