মকর সংক্রান্তির উৎসবের আনন্দ নিমেষের মধ্যে পরিণত হলো শ্মশানের বিষাদে। বুধবার গভীর রাতে হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো ৩ শিশুসহ একই পরিবারের ৬ সদস্যের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা তালাঙ্গানা গ্রামে।
উৎসবের রাতেই শেষ সব: পুলিশ সূত্রে খবর, সাংগ্রাহ মহকুমার নৌরাধর এলাকায় একটি বাড়িতে সাতজন সদস্য ঘুমিয়ে ছিলেন। মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ির মালিকের মেয়ে ও জামাই বাপের বাড়িতে এসেছিলেন। গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই বাড়িতে আগুন লাগে। এলাকাবাসীরা আগুন দেখতে পেয়ে ছুটে এলেও লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো বাড়িটিকে গ্রাস করে ফেলে। ফলে পালানোর সুযোগটুকুও পাননি দুর্ভাগা সদস্যরা।
প্রাথমিক তদন্ত ও প্রশাসনিক তৎপরতা: সিরমৌরের ডেপুটি কমিশনার প্রিয়াঙ্কা ভার্মা জানিয়েছেন, দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিএইচসি নওরাধরে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। পরে তা রান্নার চুলার সংস্পর্শে আসায় বিধ্বংসী রূপ ধারণ করে। মৃতদের মধ্যে রয়েছেন লোকেন্দ্র সিং, কবিতা দেবী, সারিকা, কৃতিকা, তৃপ্তি দেবী ও নরেশ কুমার।
শোকের ছায়া রাজনৈতিক মহলে: এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এবং কংগ্রেসের রাজ্য সভাপতি বিনয় কুমার। বিরোধী দলনেতা জয় রাম ঠাকুর সোশ্যাল মিডিয়ায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনকে দ্রুত আর্থিক সহায়তার নির্দেশ দিয়েছেন।





