৫৯ লক্ষ পেনশনভোগী ও ৫০ লক্ষ কর্মীর পোয়াবারো! ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন, কত হবে আপনার এরিয়ার?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) এখন সবথেকে বড় আলোচনার বিষয়। একদিকে যেমন নতুন বেতন কাঠামো নিয়ে উৎসাহ রয়েছে, তেমনই অন্যদিকে তৈরি হয়েছে উদ্বেগ। তবে কর্মীদের জন্য একটি স্বস্তির খবর হলো, কমিশন কার্যকর হতে যত দেরি হবে, বকেয়া বা এরিয়ারের (Arrears) পরিমাণ ততটাই বৃদ্ধি পাবে।

কবে নাগাদ কার্যকর হতে পারে নতুন বেতন? সাধারণত ভারতে প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি। সেই নিয়ম মেনে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। ইতিমধ্য়েই ২০২৫ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ (ToR) অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রক্রিয়া শুরু হয়েছে এবং অন্তর্বর্তীকালীন রিপোর্ট আসার পরেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

কতটা লাভবান হবেন কর্মীরা? অষ্টম বেতন কমিশনের ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। প্রতিরক্ষা কর্মীদের জন্যও এটি বড় প্রাপ্তি হতে চলেছে। যদি বেতন বৃদ্ধি কয়েক মাস বা বছর বিলম্বিত হয়, তবে সরকার পূর্ববর্তী প্রভাবের (Retrospective effect) ভিত্তিতে বকেয়া টাকা প্রদান করবে।

সহজ ক্যালকুলেশনে দেখে নিন আপনার বকেয়া: ধরা যাক, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর একজন কর্মচারীর মাসিক বেতন ৪০,০০০ টাকা থেকে বেড়ে ৫০,০০০ টাকা হলো। অর্থাৎ মাসে ১০,০০০ টাকা বৃদ্ধি। যদি এই বেতন ২০২৬-এর বদলে ২০২৭ সালের মে মাসে (১৭ মাস পর) শুরু হয়, তবে ওই কর্মী এককালীন ১.৭০ লক্ষ টাকা (১০,০০০ x ১৭ মাস) বকেয়া বা এরিয়ার হিসেবে পাবেন। অর্থাৎ কমিশন কার্যকর হতে যত দেরি, পকেটে তত বেশি টাকা আসার সম্ভাবনা।

সরকারের এই পদক্ষেপের দিকে এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। সুপারিশ জমা পড়ার পর ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy