নতুন বছর মানেই নতুন অধ্যায়, আর সেই শুরুর লগ্নে দাঁড়িয়ে পিছু ফিরে তাকালেন প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় প্রিয়াঙ্কা স্বীকার করেছেন যে, দীর্ঘ সময় ধরে সাফল্যের ইঁদুর দৌড়ে শামিল থাকার পর এখন তিনি নিজেকে কিছুটা সময় দিতে চান। ২০২৬ সাল যে এত দ্রুত চলে আসবে, তা তাঁর কাছে আজও অবিশ্বাস্য মনে হয়।
প্রিয়াঙ্কার মতে, গ্ল্যামার দুনিয়ার কঠিন প্রতিযোগিতার মাঝে টিকে থাকাটাই একটা বড় জয়। তাই অন্য কারোর প্রশংসা নয়, বরং নিজের পিঠ নিজেই চাপড়ে দিতে চান তিনি। অভিনেত্রী বলেন, “এত দ্রুতগতিতে দৌড়োতে দৌড়োতে আমরা নিজেদের কৃতিত্ব দিতেই ভুলে যাই। আজ আমি নিজেকেই বাহবা দিচ্ছি এবং আমার সুন্দর জীবনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।” কাজের চাপের মাঝেও নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার যে বার্তা তিনি দিয়েছেন, তা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।