ছোট পর্দা হোক বা বড় পর্দা—স্বস্তিকা দত্তের জয়যাত্রা অব্যাহত। একদিকে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করছেন, অন্যদিকে বড় পর্দায় বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে ফিরছেন সংবাদের শিরোনামে। অরিত্র মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর তৃতীয় গান ‘আমি বার বার…’ মুক্তি পেতেই এই জুটির রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে।
রেট্রো লুকে সাজানো এই গানের বিশেষত্ব হল এর চিত্রায়ন। পুরো ছবির মধ্যে একমাত্র এই গানটিই শুট করা হয়েছে সাদাকালো ফ্রেমে। উচ্ছ্বসিত স্বস্তিকা TV9 বাংলাকে জানান, “কেরিয়ারের অন্যতম সেরা ও স্মরণীয় গান হয়ে থাকবে এটি। উইন্ডোজ প্রোডাকশন, জিনিয়া সেন এবং পরিচালক অরিত্র মুখোপাধ্যায় যে সুযোগ দিয়েছেন, তা আমাদের প্রজন্মের অনেকের কাছেই স্বপ্ন।” অভিনেত্রী আরও যোগ করেন যে, ১৫ বছর আগে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির ‘ও ললনা’ গান দিয়ে তাঁদের অনস্ক্রিন যাত্রা শুরু হয়েছিল। স্বস্তিকার কথায়, “আমার মনে হয় বনি সেনগুপ্ত আমার কেরিয়ারের জন্য বেশ লাকি।”
উল্লেখ্য, এই ছবিতে বনি-স্বস্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তী এবং সোহম মজুমদারকে। সাদাকালো ফ্রেমে বনি-স্বস্তিকার এই নস্ট্যালজিক কেমিস্ট্রি বড় পর্দায় কতটা জাদু দেখায়, এখন সেটাই দেখার।