টলিউড থেকে বলিউড— বিচ্ছেদের বিষাদ যেন কাটতেই চাইছে না। রবিবার ৪ জানুয়ারি অভিনেতা জয় ভানুশালি ও মাহি বিজ তাঁদের ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা করে ভক্তদের চমকে দিয়েছেন। তবে যৌথ বিবৃতির রেশ কাটতে না কাটতেই অভিনেত্রী মাহি বিজের একাধিক ইনস্টাগ্রাম স্টোরি এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে। সেখানে একদিকে যেমন সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে, তেমনই অন্য একটি পোস্টে ধরা পড়েছে প্রচ্ছন্ন হতাশা।
বিচ্ছেদের ঘোষণার ঠিক এক ঘণ্টা পরেই মাহি তাঁর মেয়ে তারার একটি খেলার ভিডিও পোস্ট করেন। যেখানে সন্তানদের প্রতি তাঁর অগ্রাধিকার স্পষ্ট। এরপর স্ট্রবেরি পুডিং উপভোগ করার হাসিমুখের ছবি দিলেও, পরবর্তী স্টোরিগুলি ছিল বেশ রহস্যময়। একটি পোস্টে তিনি লেখেন, “যারা আমার সন্তানদের ভালোবাসেন, তাদের জন্য আমার হৃদয়ে বিশেষ জায়গা থাকবে।” একে জয়ের প্রতি শ্রদ্ধা হিসেবেই দেখছেন অনেকে।
তবে সবথেকে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে মাহির শেষ স্টোরিটি নিয়ে। সেখানে তিনি লিখেছেন, “তুমি যদি ভাবো মানুষ তোমার জন্য ঠিক ততটাই করবে যতটা তুমি তাদের জন্য করো, তবে শেষমেশ তোমাকে হতাশ হতে হবে।” নেটিজেনদের একাংশের ধারণা, জয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও একতরফা আত্মত্যাগের ইঙ্গিতই হয়তো এখানে দিতে চেয়েছেন অভিনেত্রী। ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি তাঁদের তিন সন্তান— তারা, খুশি ও রাজবীরকে যৌথভাবে বড় করার অঙ্গীকার করলেও, মাহির এই ‘হতাশার সুর’ নতুন জল্পনার জন্ম দিয়েছে।