নতুন বছরেই ভোলবদল আবহাওয়ার! বৃষ্টির পূর্বাভাসে কি ভ্যানিশ হবে হাড়কাঁপানো শীত?

ডিসেম্বরের শেষে ১২ ডিগ্রির ঝোড়ো ব্যাটিংয়ের পর নতুন বছরের শুরুতেই আবহাওয়া নিয়ে এল নতুন টুইস্ট। জাঁকিয়ে শীতের আমেজে কিছুটা ভাটা ফেলে আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে থাকলেও, সর্বোচ্চ তাপমাত্রা ২০.১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গে তুষারপাত ও বৃষ্টির ভ্রুকুটি: উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্যটকদের জন্য সুখবর হলো, সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু এলাকা যেমন সন্দাকফু, ফালুট ও ঘুম বরফে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাহাড়ে পারদ নামতে পারে ৪ থেকে ৬ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট: ওড়িশা উপকূলে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে কলকাতা, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট বাড়বে, যার ফলে দৃশ্যমানতা কমতে পারে। তবে শীতবিলাসীদের হতাশ হওয়ার কারণ নেই; ঝঞ্ঝা কাটলেই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফের ২-৩ ডিগ্রি পারদ পতন ঘটবে এবং হাড়কাঁপানো শীত ফিরবে।