দেশের সবথেকে পরিচ্ছন্ন শহরের শিরোপা পাওয়া ইন্দোর এখন ডায়রিয়ার কবলে। গত ২৫ ডিসেম্বর পুরসভার জল পান করার পর থেকেই অসুস্থ হতে শুরু করেন ভাগীরথপুরা এলাকার বাসিন্দারা। শুক্রবার এলাকার মেয়র এবং স্বাস্থ্য আধিকারিকরা নিশ্চিত করেছেন যে, মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় ১৫০০ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।
ল্যাব রিপোর্টে বিস্ফোরক তথ্য: ইন্দোরের চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার (CMHO) মাধব প্রসাদ হাসানি জানিয়েছেন, ল্যাবরেটরি রিপোর্টে পানীয় জল দূষিত হওয়ার প্রমাণ মিলেছে। ভাগীরথপুরা এলাকার একটি পানীয় জলের পাইপলাইন ফুটো হয়ে যাওয়ায় তাতে ড্রেনের দূষিত জল মিশে গিয়েছিল। সেই বিষাক্ত জল পানের কারণেই মহামারীর মতো ছড়িয়ে পড়েছে ডায়রিয়া।
টানা আট বছর ধরে ভারতের সবথেকে পরিষ্কার শহরের তকমা ধরে রাখা ইন্দোরে এই বিপর্যয় প্রশাসনের রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের রাজনীতিও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।





