হায়দরাবাদের জগদগিরিগুটা এলাকায় নববর্ষের আনন্দ উৎসবে নেমে এল চরম বিষাদ। বুধবার রাতে এক কমিউনিটি হলে আয়োজিত পার্টিতে খাওয়া-দাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হল ৫৩ বছর বয়সী রমেন পান্ডুর। একইসঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১ জন।
পুলিশ সূত্রে খবর, বর্ষবরণ উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দারা নিজেরাই রান্নার আয়োজন করেছিলেন। মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, মাছের ঝোল ও রুটি। ভোজের পাশাপাশি চলে দেদার মদ্যপান। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সব ঠিক থাকলেও, দুপুর থেকে শুরু হয় বিপত্তি। অসহ্য পেটে ব্যথা ও বমির পর একে একে ৯ জন সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁদের দ্রুত মল্লা রেড্ডি ও রাম দেব হাসপাতালে ভর্তি করা হলে রমেন পান্ডুর মৃত্যু হয়।
বালানগরের এসিপি নরেশ রেড্ডি জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়া না কি ভেজাল মদের প্রভাব— তা খতিয়ে দেখা হচ্ছে। রান্নায় ব্যবহৃত মশলা স্থানীয় দোকান থেকে কেনা হয়েছিল, যা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। পুলিশ খাবারের নমুনা ও মদের বোতল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।





