নতুন বছরেই ভোগান্তি! হাওড়ার ৮টি ওয়ার্ডে টানা ২ দিন বন্ধ থাকবে জল সরবরাহ, মাথায় হাত বাসিন্দাদের

শহরজুড়ে যখন নতুন বছরের উৎসব আর কার্নিভালের মেজাজ, ঠিক তখনই দুঃসংবাদ হাওড়াবাসীদের জন্য। আগামী ২ এবং ৩ জানুয়ারি হাওড়া পুরসভার বেশ কিছু ওয়ার্ডে টানা দু’দিন পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পুর নিগমের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই আগাম সতর্কতা দেওয়া হয়েছে।

মূলত পদ্মপুকুর জল প্রকল্পের সরবরাহ পাইপলাইনে জরুরি সংস্কার ও মেরামতি কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, উত্তর হাওড়ায় নতুন জল প্রকল্পের কাজের পাশাপাশি পদ্মপুকুরের ওপর চাপ কমাতে এই পরিকাঠামো উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। জল পরিষেবা বন্ধ থাকার তালিকায় রয়েছে হাওড়া পুরসভার ৮, ৯, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ এবং ৫০ নম্বর ওয়ার্ড।

উৎসবের মরসুমে টানা ৪৮ ঘণ্টা জল না থাকলে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যায় পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে পুরসভা আগেভাগে বিজ্ঞপ্তি দেওয়ায় অনেক বাসিন্দা জল মজুত করার সুযোগ পাচ্ছেন। প্রশাসনের তরফে দ্রুত কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।