মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের পেটে লাথি? বর্ধিত মজুরি গায়েব করছে ‘মুন্সিরা’, ক্ষোভে ফুঁসছে জঙ্গিপুর

মুর্শিদাবাদ মানেই বিড়ি শ্রমিকদের গড়। কিন্তু সেই জেলার কয়েক লক্ষ বিড়ি শ্রমিকের কপালে এখন চিন্তার ভাঁজ। দীর্ঘ লড়াইয়ের পর হাজার প্রতি বিড়ির মজুরি ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হলেও, সেই টাকা আদতে হাতে পাচ্ছেন না শ্রমিকরা। অভিযোগের তির মধ্যস্বত্বভোগী বা ‘মুন্সিদের’ দিকে। শ্রমিকদের দাবি, মুন্সিরা লগবুকে কারচুপি করে ১০০০ বিড়ির বদলে ৯০০ বিড়ি নথিভুক্ত করছেন এবং প্রাপ্য টাকা থেকে বড় অংশ কেটে নিচ্ছেন।

জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ, মিঠিপুর-সহ বিস্তীর্ণ এলাকার শ্রমিকদের অভিযোগ, মজুরি বৃদ্ধির পরিবর্তে উল্টে তাঁদের থেকে ‘ছাঁট’ এবং ‘অতিরিক্ত মুঠা’ হিসেবে ১০০ বিড়ি পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে। শ্রমিক রুবিনা বিবির আক্ষেপ, “সরকারি টাকা তো পাচ্ছিই না, উল্টে বিড়ি কেটে নেওয়া হচ্ছে। সংসার চালানোই দায় হয়ে পড়েছে।” এই পরিস্থিতিতে বিড়ি মালিক জাকির হোসেন শ্রমিকদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হলে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানাতে।