রিমুভার ছাড়াই নেলপলিশ তোলার ৪টি জাদুকরী উপায়! হাতের কাছে থাকা এই জিনিসগুলোতেই হবে কেল্লাফতে।

নখ সাজাতে আমরা কতই না রঙ-বেরঙের নেলপলিশ ব্যবহার করি। কিন্তু মুশকিল বাঁধে তখনই, যখন নেলপলিশের রঙ চটে যায় কিংবা জরুরি প্রয়োজনে সেটি তোলার দরকার পড়ে, অথচ হাতের কাছে নেলপলিশ রিমুভার নেই! এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার কিছু নেই। আপনার ড্রইং রুম বা ড্রেসিং টেবিলে থাকা অতি সাধারণ কিছু জিনিস দিয়েই কিন্তু অনায়াসে নেলপলিশ তুলে ফেলা সম্ভব।

চলুন জেনে নিই রিমুভার ছাড়াই নেলপলিশ তোলার ৪টি ঘরোয়া ও কার্যকর পদ্ধতি:

১. হ্যান্ড স্যানিটাইজার: ভাইরাসের পাশাপাশি নেলপলিশেও জয়
করোনা পরবর্তী সময়ে আমাদের প্রায় সবার ব্যাগেই এখন হ্যান্ড স্যানিটাইজার থাকে। এতে থাকা অ্যালকোহল খুব দ্রুত নেলপলিশের পরত গলিয়ে দিতে পারে। সামান্য স্যানিটাইজার নখের ওপর স্প্রে করুন বা ঢেলে দিন। এরপর তুলো দিয়ে আলতো করে ঘষলেই নেলপলিশ উঠে আসবে।

২. সুগন্ধি বা পারফিউম
নিজেকে সতেজ রাখতে যে পারফিউম ব্যবহার করেন, সেটিও কিন্তু রিমুভারের দারুণ বিকল্প। পারফিউমে থাকা রাসায়নিক উপাদান নেলপলিশ নরম করতে সাহায্য করে। তুলোর ওপর কিছুটা পারফিউম স্প্রে করে নখের ওপর ঘষুন। তবে খেয়াল রাখবেন, নখের ওপর খুব জোরে চাপ দেবেন না।

৩. ডিওডোরেন্ট স্প্রে
ঘামের দুর্গন্ধ ঠেকাতে যে ডিওডোরেন্ট ব্যবহার করেন, তা দিয়েও নেলপলিশ তোলা সম্ভব। সরাসরি নখের ওপর অল্প স্প্রে করুন এবং দেরি না করে দ্রুত তুলো দিয়ে মুছে নিন। যদি একবারে সব রঙ না ওঠে, তবে দ্বিতীয়বার একই পদ্ধতি অনুসরণ করুন।

৪. টুথপেস্ট ও টুথব্রাশের ম্যাজিক
শুনতে অবাক লাগলেও টুথপেস্ট দিয়ে নেলপলিশ তোলা সম্ভব। টুথপেস্টে থাকে ইথানল, যা নেলপলিশ রিমুভারের অন্যতম মূল উপাদান।

পদ্ধতি: নখের ওপর সামান্য টুথপেস্ট লাগিয়ে নিন। এরপর একটি পুরোনো টুথব্রাশ দিয়ে আলতো করে নখের ওপর ঘষুন। দেখবেন ধীরে ধীরে নেলপলিশ উঠে যাচ্ছে।

জরুরি টিপস:
এই ঘরোয়া পদ্ধতিগুলো প্রয়োগের পর নখ ও চারপাশের চামড়া কিছুটা শুষ্ক হয়ে যেতে পারে। তাই নেলপলিশ তোলা হয়ে গেলে নখে সামান্য অলিভ অয়েল, নারকেল তেল বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে নখের স্বাস্থ্য ও উজ্জ্বলতা বজায় থাকবে।