মুর্শিদাবাদে হলুদ সরষে ক্ষেতে লাল আতঙ্ক! উদ্ধার তাজা সকেট বোমার স্তূপ, বড়সড় নাশকতার ছক?

শীতের সকালে মুর্শিদাবাদের শান্ত সরষে ক্ষেতে ঝকমকে হলুদ ফুলের মাঝে ঘাপটি মেরে ছিল মৃত্যু! রানীনগর থানা এলাকার নরেন্দ্রপুর মাঠ থেকে বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রানীনগর থানার পুলিশ নরেন্দ্রপুর মাঠ সংলগ্ন সরষে ক্ষেতে তল্লাশি চালায়। পুলিশ সেখানে পৌঁছাতেই দেখে, জমির মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একাধিক ঘাতক সকেট বোমা। সঙ্গে সঙ্গেই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ এবং খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে এলাকায় বোমাগুলো পাওয়া গিয়েছে, সেখানে প্রতিদিন কৃষকরা কাজ করতে যান। অসাবধানতাবশত কোনোভাবে বিস্ফোরণ ঘটলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল। গ্রামের মানুষের কথায়, “সরষে কাটার মরশুমে এমন আতঙ্ক আগে দেখিনি। চাষ করতে যেতেও এখন ভয় লাগছে।”

বিকেলে বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বোমাগুলিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করেন। তবে সাধারণ চাষের জমিতে এত পরিমাণ সকেট বোমা কোথা থেকে এল, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।

মুর্শিদাবাদ কি তবে ফের বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে? রানীনগর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সর্ষের ক্ষেতকে ঢাল করে কোনো নাশকতার ছক কষা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।