খরচ ৫০ টাকা, দাম মাত্র ২০ টাকা! বিজয়ওয়াড়ায় কম খরচে পেটপুজো করিয়ে চমকে দিল এই অভিনব রেস্তোরাঁ

হোটেল বা রেস্তোরাঁয় এক বেলার খাবারের দাম সাধারণত একশো টাকার ওপরেই শুরু হয়। কিন্তু অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়ার মুঘলরাজাপুরম এলাকায় এমন একটি অভিনব রেস্তোরাঁ চালু হয়েছে, যেখানে মাত্র ২০ টাকার বিনিময়ে মিলছে সম্পূর্ণ এবং পুষ্টিকর খাবার। ‘মানা ভোজন’ নামের এই রেস্তোরাঁটি বর্তমানে কম আয়ের মানুষ, ছাত্রছাত্রী এবং শ্রমিকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই মধ্যাহ্নভোজের আয়োজনে থালায় থাকে গরম ভাত, সুস্বাদু তরকারি, চাটনি, সাম্বার এবং ঘোল। উদ্যোক্তা সাক্ষী আদি নারায়ণ ও তাঁর ভাইয়ের এই উদ্যোগের নেপথ্যে রয়েছে অভাবী মানুষদের সুলভ মূল্যে মানসম্মত খাবার পৌঁছে দেওয়ার মহৎ উদ্দেশ্য। আয়োজকদের হিসাব অনুযায়ী, একজন ব্যক্তির একটি পূর্ণাঙ্গ খাবার প্রস্তুত করতে যেখানে প্রায় ৫০ টাকা খরচ হয়, সেখানে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে মাত্র ২০ টাকা নেওয়া হয়। বাকি সমস্ত খরচ আয়োজকরা নিজেরাই বহন করে থাকেন।

খাবারের দাম কম হলেও এর মানে এই নয় যে মানের সঙ্গে কোনো আপস করা হয়। রেস্তোরাঁর কর্ণধাররা জানান, বাজারে উপলব্ধ কোনো তৈরি মশলা বা কৃত্রিম স্যুপের গুঁড়ো তাঁরা ব্যবহার করেন না। বরং ঘরোয়া পদ্ধতিতে রান্নার স্বাদ বজায় রাখতে প্রয়োজনীয় সমস্ত মশলা নিজেদের রান্নাঘরেই তৈরি করা হয়। প্রতিদিন প্রায় ১০০ থেকে ২০০ জন মানুষ এখানে খেতে আসেন। বিশেষ করে যেসব অবিবাহিত পুরুষ বা ছাত্রছাত্রী প্রতিদিন নিজে রান্না করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন, তাঁদের কাছে এই উদ্যোগ এক বিরাট স্বস্তি এনে দিয়েছে। মাত্র পাঁচ দিনের প্রস্তুতিতে শুরু হওয়া এই ‘মানা ভোজন’ প্রজেক্টটি আজ মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সফল হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha