মেসি উন্মাদনার তাণ্ডব! যুবভারতীর বিশৃঙ্খলা গড়াল কলকাতা হাইকোর্টে, ৩টি জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দু অধিকারীর

কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে যুবভারতী স্টেডিয়ামে যে চরম বিশৃঙ্খলা ও তাণ্ডব হয়েছে, তার জল এবার আরও অনেক দূর এগোল। সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবীরা মামলার অনুমতি চান। অনুমতি মিলতেই সল্টলেকের যুবভারতীর এই ঘটনায় মোট তিনটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের তরফেই এই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়।
একটি মামলা দায়ের করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দ্বিতীয় মামলাটি দায়ের করা হয় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের তরফে।
তৃতীয় মামলাটি দায়ের করেছেন আইনজীবী মৈনাক ঘোষাল।
আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার যে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছে, সেই ক্ষমতা রাজ্যের নেই। তিনি আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। পাশাপাশি, তাঁর বক্তব্য—এই চূড়ান্ত অব্যবস্থার পিছনে কারা রয়েছে, আদালত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দিক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্যও একইভাবে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন।
গ্রেফতার শতদ্রু ও আরও দুই:
এদিকে, যুবভারতীতে চরম বিশৃঙ্খলার অভিযোগে এদিনই শুভ্রপ্রতিম দে ও সৌরভ বসু নামে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হওয়ার পর তদন্তকারীদের নজরে আরও একাধিক ব্যক্তি এসেছেন। অন্যদিকে, যুবভারতীতে শনিবারের বিশৃঙ্খলার ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতারের পর রবিবার বিধাননগর আদালত তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ হেফাজতে পেয়েই তদন্তকারীরা শতদ্রুকে জেরা করে আরও কয়েকজনের নাম জানতে পেরেছেন বলে সূত্রের খবর।