আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে এখন উত্তাপ তুঙ্গে। শাসক ও বিরোধী শিবিরের নেতাদের মধ্যে চলছে তোপ-পাল্টা তোপের লড়াই। এই আবহেই বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি সরাসরি ঘোষণা করলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে না।”
শনিবার জাতীয় গ্রন্থাগারে বিজেপির মৎস্যজীবী সেলের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলেন।
‘ঝুকেগা নেহি তো রুকেগা নেহি’
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে বলে দিতে চাই। আমি জ্যোতিষী নই, কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না।”
এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধন এবং দুঃশাসন বলেও কটাক্ষ করেন।
একই সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার তদন্ত আরও জোরালো হবে বলে বার্তা দেন সুকান্ত। তিনি ডায়মন্ড হারবারে ব্যবহৃত অভিষেকের স্লোগানকে কটাক্ষ করে বলেন: “আপনারা যখন ডায়মন্ড হারবারে যান তখন ছবিতে দেখতে পান, এবি ঝুকেগা নেহি, এই স্লোগানসহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আমি বলতে চাই, এবি ঝুকেগা নেহি, তাহলে ইডি বা সিবিআই রুকেগা নেহি।”
লক্ষ্মীর ভান্ডারে বাড়তি টাকা দেওয়ার প্রতিশ্রুতি
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়েও প্রতিশ্রুতি দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “বিজেপি যদি সরকারে আসে, তাহলে এক টাকা হলেও বেশি দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে।”
বিরোধী দলনেতাদের স্বপ্ন আসন ধরে রাখার লড়াইয়ের মুখে শাসক দলের জন্য নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এই কঠোর মন্তব্য।





