মমতার সভার আগেই নদীয়ায় চরম গোষ্ঠীকোন্দল! আমন্ত্রণ পেলেন না মহুয়া মৈত্রের বিরোধী শিবিরের বিধায়ক ও শীর্ষ নেতারা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কৃষ্ণনগরে জনসভার ঠিক আগেই তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। সূত্র মারফত জানা যাচ্ছে, পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য সম্ভবত সভামঞ্চে জায়গা পাচ্ছেন না। এছাড়া জেলা সহ সভাপতি রমেন ঘোষ ও জেলা তৃণমূল নেত্রী তৃণা ভৌমিক সাহার মতো কয়েকজন শীর্ষ নেতা-নেত্রীও আমন্ত্রণপত্র পাননি। রাজনৈতিক মহলের একাংশের মতে, আমন্ত্রণ না পাওয়া এই নেতারা সাংসদ মহুয়া মৈত্রের বিরোধী শিবির হিসেবেই পরিচিত।
যারা জেলার রাজনীতি নিয়ে চর্চা করেন, তাঁদের একাংশ মনে করছে, এই ঘটনা আসলে তৃণমূলের গোষ্ঠীকোন্দলেরই সুস্পষ্ট বহিঃপ্রকাশ। মুখ্যমন্ত্রীর সভার জন্য তৈরি গেস্ট কার্ডে সাংসদ মহুয়া মৈত্রের নাম থাকলেও, জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বিধায়ক এবং প্রাক্তন শীর্ষ নেতৃত্বের অনেকের কাছেই এখনও পর্যন্ত আমন্ত্রণপত্র পৌঁছয়নি।
আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়া নদিয়া জেলা পরিষদের সদস্য সুনীল দুঃখ প্রকাশ করে বলেন, “জেলা পরিষদের সভাধিপতির বৈঠকে উপস্থিত ছিলাম। কিন্তু আগামীকাল সভার জন্য আমাদের কেউ ডাকেননি।”
বৃহস্পতিবার দুপুর ১২টায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। সভার আগে মুখ্যমন্ত্রী জেলার উন্নয়নের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে জেলা প্রশাসনের কর্তাদের বিশেষ নির্দেশিকা দিতে পারেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ সভাতেই জেলার কয়েকজন শীর্ষ নেতার নাম আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়ায় জল্পনা তুঙ্গে উঠেছে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাওয়ার মুখে, যেখানে জেলার নেতারা প্রত্যেকেই নেত্রীর নেক নজরে থাকতে চান, সেখানে বেছে বেছে গেস্ট কার্ড দেওয়ার এই বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে।