বাঁকুড়ার কোতুলপুরে বিজেপি নেতা সুমন মণ্ডলকে ছুরিকাঘাতে খুন! ঘটনাস্থল থেকে ১ কিমি দূরে ৪ জন গ্রেফতার

বাঁকুড়ার কোতুলপুর এলাকায় এক প্রভাবশালী বিজেপি নেতা খুনের ঘটনায় এলাকায় তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামের বাসিন্দা এবং ইন্দাস চার নম্বর মণ্ডলের প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি সুমন মণ্ডলকে (৩২) ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে অনুমান। গতকাল শুক্রবার রাত ১১টা নাগাদ কোতুলপুর থানার মাটিয়ারি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

চিৎকার শুনে ছুটে এলেন স্থানীয়রা:

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, মাটিয়ারি এলাকার একটি রাস্তার ধারে সুমন মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মৃত্যুর আগে তাঁকে “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করতে শোনা যায়। সেই আওয়াজ পেয়ে লোকজন ছুটে গিয়ে সুমন মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকেই তাঁর মোটর সাইকেল, হেলমেট-সহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়। খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

১ কিলোমিটারের মধ্যে ৪ জন গ্রেফতার:

ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে কোতুলপুরের ঘাটদিঘি এলাকা থেকে একটি ছোট চারচাকা গাড়িসহ চারজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ।

ধৃতদের পরিচয়: গ্রেফতার হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গাল গ্রামে এবং একজনের বাড়ি কোতুলপুরের ধোবাপুকুর এলাকায়।

খুনের কারণ: খুনের কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় লোকজন মনে করছেন, পরকিয়ার (Extramarital Affairs) কারণে এই খুন হতে পারে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় এবং গ্রেফতার হওয়া চারজন ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy