ঘূর্ণিঝড় দিতওয়ার ভয়ঙ্কর তাণ্ডব! শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ১২০ পার, চালু জরুরি অবস্থা

ঘূর্ণিঝড় দিতওয়ার ভয়ঙ্কর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। রেকর্ড বৃষ্টিপাত এবং একাধিক ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৩ জন। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ও ব্যাপক পরিকাঠামোগত ক্ষতির জেরে ইতিমধ্যে শ্রীলঙ্কা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এদিকে, প্রতিবেশী দেশের এই চরম বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। শুরু হয়েছে ‘অপারেশন সাগরবন্ধু’ (Operation Sagarbandhu)

বিধ্বস্ত দ্বীপরাষ্ট্র, ধেয়ে আসছে উপকূলের দিকে:

শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল আতুলা কারুণানায়েকে জানিয়েছেন, দ্বীপরাষ্ট্রে প্রবল ধ্বংসলীলা চালানোর পর ঘূর্ণিঝড় দিতওয়া ক্রমশ দক্ষিণ ভারতীয় উপকূলীয় রেখার দিকে অগ্রসর হচ্ছে। তবে এর প্রভাবে আগামী কয়েকদিন শ্রীলঙ্কাজুড়ে ভারী বৃষ্টি চলবে।

দেশের বিপর্যয় মোকাবিলা দফতরের (ডিএমসি) দেওয়া তথ্য অনুযায়ী, ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে শনিবার সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জন। এখনও নিখোঁজ ১৩০ জন। ভূমিধসের কারণে বেশ কয়েকটি এলাকায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ডিএমসি জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

  • বাদুল্লায় চরম ক্ষয়ক্ষতি: শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের বাদুল্লা জেলার প্রধান আধিকারিক জানান, এই জেলায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং ৪১ জন নিখোঁজ। এখনও বহু এলাকা বিচ্ছিন্ন।

  • নুওয়ারা এলিয়ার চিত্র: নুওয়ারা এলিয়া জেলায় মৃতের সংখ্যা ৫০ জনেরও বেশি। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর বেশ কয়েকদিন এই জেলার একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

২৯ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধারকাজ:

সেনার তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম প্রদেশের কালাওয়া এলাকায় প্রবল জলস্রোতে একটি সেতুর উপর একটি যাত্রীবাহী বাস আটকে পড়ে। প্রায় ২৯ ঘণ্টার দীর্ঘ অভিযান চালিয়ে নৌসেনার জওয়ানরা বাসের মধ্যে আটকে পড়া ৬৮ জন যাত্রীকে শনিবার উদ্ধার করেন।

নয়াদিল্লির ‘অপারেশন সাগরবন্ধু’:

ঘূর্ণিঝড়-বিধ্বস্ত শ্রীলঙ্কাকে সাহায্যের জন্য নয়াদিল্লি শুরু করেছে ‘অপারেশন সাগরবন্ধু’। দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য দুটি যাত্রীবাহী বিমান—C-130 এবং IL-76 মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই শ্রীলঙ্কায় ২১ টন ত্রাণ সামগ্রি পাঠানো হয়েছে। পাশাপাশি, উদ্ধারকাজে সহায়তার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ৮০ জন সদস্য এবং ৮ টন উদ্ধার সামগ্রি পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ১২ টন ত্রাণ (তাঁবু, ত্রিপল, কম্বল, স্বাস্থ্য কিট এবং খাদ্য সামগ্রি) নিয়ে বায়ুসেনার C-130J বিমানটি কলম্বোয় পৌঁছেছে

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy