উত্তরপ্রদেশের বলরামপুর জেলার এক থানায় দোল উৎসবের দিন এক মহিলা পুলিশ কর্মীকে তাঁর তিন সহকর্মী যৌন নিগ্রহ করেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটার প্রায় আট মাস পর অবশেষে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে চলা বিভাগীয় তদন্তে অভিযুক্ত পুলিশকর্মীরা প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হওয়ার পরই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। এফআইআর অনুসারে, ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ৫ মার্চ হোলি উদযাপনের সময়। ৩০ বছর বয়সি নির্যাতিতা মহিলা কনস্টেবল জানান, হোলি খেলার পর তিনি সকাল পৌনে বারোটা নাগাদ উইমেন্স হেল্প ডেস্ক থেকে চাবি নিতে থানায় ফিরে আসেন।
সেই সময়, এক হেড কনস্টেবল এবং দুই কনস্টেবল তাঁকে আটকায়, জোর করে রং মাখায় এবং তাঁর প্রতি আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করে। মহিলা কনস্টেবলটি কোনো মতে সেখান থেকে পালিয়ে যান এবং তৎক্ষণাৎ থানার ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে বিষয়টি জানান। তিনি আরও উল্লেখ করেন, এর আগেও অভিযুক্তদের একজন তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিল, যদিও সেই সময় ক্ষমা চাওয়ার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিলেন। তবে হোলির দিনের ঘটনার লিখিত অভিযোগ জানানোর পরও মাসের পর মাস কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।
বিস্তারিত বিভাগীয় তদন্তে তিনজন অভিযুক্তকেই প্রাথমিকভাবে দোষী প্রমাণিত করা হয়। বুধবার, ২৬ নভেম্বর, অর্থাৎ প্রায় আট মাস পরে, অভিযুক্ত তিন পুলিশকর্মীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৭৪ ধারায় (শ্লীলতাহানি বা Outraging Modesty) অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের সাসপেন্ড করা হয়েছে।