ভোটার তালিকায় নাম তোলার নিয়মে ‘বিগ চেঞ্জ’! নতুন ভোটারদের জন্য অফলাইন আবেদন বন্ধ, কী বলল নির্বাচন কমিশন?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল নির্বাচন কমিশন। এখন থেকে নতুন ভোটারদের জন্য অফলাইনে ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। শুধুমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন করা যাবে।
কমিশন সূত্রে জানা গেছে, বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর এই পর্বে অফলাইন ও অনলাইন উভয় প্রক্রিয়াই পরিবর্তন করা হয়েছে। নতুন ভোটারদের এখন ফর্ম-৬ পূরণ করে অনলাইনে নাম অন্তর্ভুক্ত করতে হবে।
অনলাইনে আবেদনের নয়া নিয়ম:
কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকায় নাম তোলার জন্য অনলাইন আবেদনের ক্ষেত্রে এখন আধার কার্ডকে জরুরি করা হয়েছে। এর পাশাপাশি নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য তাদের ‘ই-সাইন’ (e-sign) বাধ্যতামূলক। এর জন্য আধার কার্ডের মাধ্যমে ওটিপি (OTP) দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে। কমিশন আরও জানিয়েছে যে, অনলাইনে আবেদনের সময় নতুন ভোটারদের ২০০২ সালের ভোটার লিস্টে থাকা বাবা-মা অথবা ঠাকুরদা-ঠাকুমার নাম দিতে হবে। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না বলার পরই কমিশন এই বদল আনল।
মৃত ভোটারদের নাম বাদ দিতে কড়াকড়ি:
অন্যদিকে, ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টি এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ইউআইডিএআই (UIDAI) নির্বাচন কমিশনকে একটি রিপোর্ট দিয়েছে, যেখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন মৃত ভোটারের আধার কার্ড এখনও সক্রিয় রয়েছে।
কমিশন এখন সেই তথ্যকে জেলা-ভিত্তিক আকারে সাজিয়ে ২৪টি জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠাচ্ছে। কমিশনের লক্ষ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যে ভোটার তালিকাটি তৈরি হতে চলেছে, সেখানে আর কোনওভাবেই কোনও মৃত ভোটারের নাম থাকবে না।