১৬ ঘণ্টা ধরে অচল বিএলও অ্যাপ, ডেডলাইন থাকা সত্ত্বেও তথ্য আপলোড বন্ধ, কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বুথ কর্মীরা

ভোটার তালিকা সংশোধনের কাজ শেষের সময়সীমা (ডেডলাইন) ক্রমশ এগিয়ে আসছে। অথচ নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে পারছেন না বুথ স্তরীয় আধিকারিকরা (বিএলও)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা ১৬ ঘণ্টা ধরে বন্ধ ছিল বিএলও অ্যাপ (BLO App)। এর ফলে সাধারণের তথ্য আপলোড করার কাজ সম্পূর্ণভাবে থমকে গিয়েছে।

নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে, বাড়তি সময় দেওয়া হবে না, কিন্তু অ্যাপ বন্ধ থাকায় কাজ হবে কী করে, সেই প্রশ্ন তুলছেন কর্মীরা।

এদিন এক বুথ স্তরীয় আধিকারিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সমস্যা আজকের নয়। ঠিক যেদিন থেকে রাজ্যের এসআইআর (Special Intensive Revision)-এর কাজ শুরু হয়েছে, সেই দিন থেকেই এই রকম একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের।”

অভিযোগ সত্ত্বেও কমিশনের নিষ্ক্রিয়তা:

বিএলও-দের অভিযোগ, অ্যাপে সমস্যা নিয়ে কমিশনের কাছে অনেক বার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু “ওনাদের কোনও হেলদোল নেই।”

ওই আধিকারিক আরও জানান, “আমরা গতকালও যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়েছিলাম, তখন আমাদের জানানো হয়, দিল্লির সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে। কিন্তু তারপরেও একই অবস্থা।”

কর্মীদের আশঙ্কা, একদিকে কমিশন ডেডলাইন বাড়াতে চাইছে না, অন্যদিকে গুরুত্বপূর্ণ ডিজিটাল অ্যাপটি বন্ধ থাকায় হাজার হাজার ভোটারের তথ্য আপলোড করা সম্ভব হচ্ছে না, যা সময়মতো ভোটার তালিকা সংশোধনের কাজে গুরুতর বাধা সৃষ্টি করছে।