জলপাইগুড়ির বেলাকোবায় গণধর্ষণ, বান্ধবীর বাড়ি থেকে তরুণীকে তুলে নিয়ে গেল অভিযুক্তরা, গ্রেফতার ২

জলপাইগুড়ির বেলাকোবা পুলিশ ফাঁড়ি এলাকায় এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে ১৯ বছর বয়সী ওই তরুণী বান্ধবীর বাড়িতে ঘুরতে এসেছিলেন। জানা যায়, সেই সময় বান্ধবীর বাবা বাজারে এবং মা বাইরে ছিলেন, বাড়িতে কেবল বান্ধবী একাই ছিলেন।
পুলিশ সূত্রে খবর, বান্ধবীর বাড়িতে থাকার সময় হঠাৎই তরুণীর পেটে ব্যথা শুরু হয়। এরপর তরুণীর জন্য ওষুধ কিনতে বান্ধবী বাজারে গেলে বাড়ি ফাঁকা হয়ে যায়। অভিযোগ, এই সুযোগেই এলাকার দুই যুবক বাড়িতে ঢুকে পড়ে। তারা তরুণীর মুখে গামছা বেঁধে তাঁকে টেনে নিয়ে যায় স্থানীয় একটি চা-বাগানের ভেতরে। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
কোনোরকমে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে তরুণী নিজের জামা কাপড় ফেলে প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড় দেন। পরে লোকালয়ে পৌঁছে এক স্থানীয় বাসিন্দার সামনে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং পুরো ঘটনাটি জানান। খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ আরটি মোবাইল ভ্যানে এসে তরুণীকে উদ্ধার করে। এরপর তাঁকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে। রাজগঞ্জ থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, “গণধর্ষণের ঘটনায় আমরা দু’জনকে গ্রেফতার করেছি। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের রিমান্ডে নিয়ে মেয়েটি এবং ছেলে দু’টির মধ্যে পূর্ব পরিচিতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”