নির্বাচন কমিশনের ভুলে জীবিত থেকেও ‘মৃত’ জীবন দাস! এসআইআর ফর্মে নাম না থাকায় চরম ক্ষোভ

 

জীবন আছে, কিন্তু নির্বাচন কমিশনের নথিতে তিনি ‘মৃত’ (ডিলিটেড)। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের এক বাসিন্দা জীবন দাসের ক্ষেত্রে এমনই এক চরম বিভ্রাট সামনে এসেছে। কমিশনের ২০২৫ সালের ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ শুরু হতেই এই ভুল ধরা পড়ে।

ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের পশ্চিম নারারথলির ১০/১৫৪ বুথে। স্থানীয় বাসিন্দা জীবন দাস ক্ষোভের সঙ্গে জানান, তিনি জীবিত এবং নিয়মিত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। অথচ, এসআইআর এনুমারেশন ফর্ম নিতে গেলে বিএলও তাঁকে জানান, ভোটার তালিকায় জীবন দাসের নাম মৃত হিসেবে বাদ দেওয়া হয়েছে! আরও আশ্চর্যের বিষয়, প্রায় দু’বছর আগে মৃত তাঁর মা যোগমায়া দাসের নামেই এসআইআর ফর্ম এসেছে।

কমিশনের ভুলে নাম বাদ:

জীবন দাস জানান, ২০২৩ সালের ১৭ জুলাই তাঁর মা মারা যান। নিয়ম মেনে মায়ের নাম বাদ দেওয়ার জন্য তিনি মৃত্যুর শংসাপত্র-সহ আবেদনপত্র স্থানীয় বিএলও-কে জমা দিয়েছিলেন। জীবন দাসের ধারণা, মায়ের নাম বাদ দিতে গিয়ে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ভুলবশত জীবিত জীবন দাসের নামটাই মৃত হিসেবে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত বিএলও (BLO) নিজেও এই ভুলের সম্ভাবনার কথা স্বীকার করেছেন।

আক্ষেপ জীবন দাসের:

এসআইআর ফর্ম না পেয়ে যথেষ্ট চিন্তিত জীবন দাস। হতাশা প্রকাশ করে তিনি বলেন, “ভারতের নাগরিক হয়ে যদি ভোট দিয়ে নিজের পছন্দ মতো সরকার গড়তে না পারি, তবে কীসের জন্য বেঁচে থাকব?”

যদিও বিএলও ভরসা দিয়েছেন, ৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, তিনি ফর্ম-৬ পূরণ করিয়ে বিধানসভা ভোটের আগে জীবন দাসের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করবেন। তবে বর্তমানে জীবন দাস বিভিন্ন আধিকারিকদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।