বিয়ের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরা হলো না, উত্তরপ্রদেশে খালে গাড়ি উল্টে নিহত ৫!

বিয়ের অনুষ্ঠানে হুল্লোড় সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হলেন পাঁচজন। উত্তরপ্রদেশের ধাখেরওয়া-গিরিজাপুরী ব্যারেজ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি উল্টে খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ভোররাতে এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে, তবে গাড়ির চালক কপালের জোরে প্রাণে বেঁচে গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—জিতেন্দ্র (২৩), ঘনশ্যাম (২৫), লালজি (৪৫), আজিমুল্লা (৪৫) এবং সুরেন্দ্র (৫৬)। তাঁরা প্রত্যেকেই বাহরাইচের বাসিন্দা ছিলেন। বিয়ের অনুষ্ঠানটি লখিমপুর খেরিতে ছিল, সেখান থেকে মোট ছ’জন বাহরাইচে ফিরছিলেন।

চালক আশঙ্কাজনক:

পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারানোর ফলেই গাড়িটি উল্টে খালে পড়ে যায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ির চালক সুরজ জীবিত থাকলেও, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে উত্তরাখণ্ডের নৈনিতালে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৬০ মিটার গভীর খাদে গাড়ি উল্টে তিন সরকারি শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। উত্তরপ্রদেশে ফের একই ধরনের ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।