‘SIR হলে সবচেয়ে বেশি নাম বাদ যাবে মতুয়াদের’! বিস্ফোরক অভিযোগ মমতাবালা ঠাকুরের, পাল্টা তোপ শান্তনুর

আগামী লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংক্রান্ত ইস্যু নিয়ে এবার চরম সংঘাতের পথে মতুয়া সম্প্রদায়। তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের নেতৃত্বে ডিসেম্বরেই দিল্লিতে এক বড় সমাবেশ হতে চলেছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ডাকে রাজধানীতে এসআইআর (Special Summary Revision) বিরোধী সভার ডাক দেওয়া হয়েছে বলে খবর।

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মতুয়াদের ভবিষ্যৎ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন মমতাবালা ঠাকুর। তাঁর বিস্ফোরক অভিযোগ, “এসআইআর হলে সবথেকে বেশি বেকায়দায় পড়বে মতুয়ারাই। এই সম্প্রদায়ের মানুষেরই সবথেকে বেশি সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে।”

মমতাবালা ঠাকুরের এই উদ্বেগের পরেই রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। অন্যদিকে, মমতাবালাকে লাগাতার তীব্র তোপ দাগতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে। সিএএ (CAA) ইস্যুর মাঝেই মতুয়াদের এই ‘দিল্লি অভিযান’ ডিসেম্বরে রাজনৈতিক তাপ বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।