মর্গে যুবকের ‘চোখ উধাও’! বারাসত হাসপাতালে ভয়াবহ কাণ্ড, মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে বিক্ষোভ পরিবারের

পশ্চিমবঙ্গের বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে এক মৃত যুবকের চোখ ‘খুবলে’ তুলে নেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই চরম গাফিলতির ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দফতর। দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়ে বুধবারই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বারাসত হাসপাতালে যাচ্ছে। প্রতিনিধি দলটি মর্গের পরিকাঠামো এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রীতম ঘোষ (৩২)। সোমবার সকালে বারাসতের বামনগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ম্যাটাডোরের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। বারাসত মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন এবং দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের হাতে প্রীতমের দেহ তুলে দেওয়া হলে দেখা যায়, তাঁর একটি চোখ ‘খুবলে’ নেওয়া হয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তাঁরা হাসপাতাল গেটের সামনে বিক্ষোভ শুরু করেন।
ঘটনাচক্রে, সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঠাকুরনগর থেকে কলকাতায় ফিরছিল। বিক্ষোভকারীদের দেখে মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে তাঁদের অভিযোগ শোনেন। মৃত যুবকের পরিবারের অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী যথাযথ ও দ্রুত তদন্তের আশ্বাস দেন।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইঁদুরেই মৃত যুবকের চোখ খুবলে নিয়েছে। তবে ঘটনার সত্যতা যাচাই করতে বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অফিস থেকে মর্গের গত ৭২ ঘণ্টার ডিউটি রোস্টার চাওয়া হয়েছে এবং ওই সময়ের ডিউটিতে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর স্পষ্ট জানিয়েছে, তদন্তে যে বা যারা দোষী প্রমাণিত হবে, কাউকেই রেয়াত করা হবে না।