ট্রেনযাত্রার স্মৃতি! শিক্ষিকার আমন্ত্রণে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এসএন গার্লস হাইস্কুলে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্যের সাংবিধানিক প্রধানের এক অপ্রত্যাশিত সফরে মঙ্গলবার চমকে গেল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এসএন গার্লস হাইস্কুল। ট্রেনযাত্রার সময় আলাপ হওয়া এক শিক্ষিকার আমন্ত্রণে সাড়া দিয়ে নির্ধারিত সরকারি কর্মসূচির বাইরে গিয়ে হঠাৎই তিনি স্কুলটিতে হাজির হন।
ট্রেন সফরে আলাপ:
জানা গিয়েছে, নদিয়া থেকে হাজারদুয়ারী এক্সপ্রেসে চড়ে জিয়াগঞ্জ আসার পথে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ওই স্কুলের শিক্ষিকা চন্দ্রাণী হালদারের আলাপ হয়। আলাপচারিতার সময় শিক্ষিকা তাঁকে তাঁদের স্কুলে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
শিক্ষিকা চন্দ্রাণী হালদার বলেন, “আমরা ভাবতেও পারিনি তিনি আমাদের স্কুলে আসবেন। পরীক্ষা শেষ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল খুব খুশি।”
স্কুলে উষ্ণ অভ্যর্থনা:
রাজ্যপালের আকস্মিক আবির্ভাবে খুশি হয় স্কুল কর্তৃপক্ষ। তাঁকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। স্কুলের উন্নয়নের জন্য রাজ্যপাল ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং বাইরে অপেক্ষারত স্থানীয়দের ভিড়ের মধ্যে এক বৃদ্ধাকে একটি চাদরও উপহার দেন। রাজ্যপাল তাঁর এই সফরের ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন।
মুর্শিদাবাদ সফর:
এদিন রাজ্যপাল মূলত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের আমন্ত্রণে মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন। বহরমপুর কোর্ট স্টেশনে নামার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে স্বাগত ও সার্কিট হাউজে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর জিয়াগঞ্জে মহাবীর জৈন মিউনিসিপ্যাল হলে অরিজিৎ সিংয়ের মিউজিক ব্যান্ড থিয়েটারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। সেই কর্মসূচি শেষে ফেরার পথেই শিক্ষিকার আমন্ত্রণে তিনি এসএন গার্লস হাইস্কুলে যান।