স্মৃতি মান্ধানার বিয়েতে চরম ছন্দপতন! একই দিনে হাসপাতালে ভর্তি বাবা ও হবু স্বামী, বাড়ল উদ্বেগ

বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার বিয়ে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। সতীর্থ তারকা ক্রিকেটারদের সমাবেশ এবং অনুষ্ঠানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংবাদ শিরোনামে ছিল। কিন্তু বিয়ের দিনই সেই উৎসবের আবহ হঠাৎ বদলে গেল গভীর উদ্বেগে, কারণ একই দিনে হাসপাতালে ভর্তি হলেন স্মৃতির বাবা এবং তাঁর হবু স্বামী।
অসুস্থ হবু স্বামী পলাশ মুচ্ছল
জানা গিয়েছে, বাবা শ্রীনিবাস মান্ধানার হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছলও। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির সমস্যা হয়েছিল। অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সূত্রের খবর, পলাশের সমস্যা তেমন গুরুতর ছিল না। প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যেই হোটেল ফিরেছেন।
স্মৃতি মান্ধানার বাবার স্বাস্থ্য আপডেট
অন্যদিকে, রবিবার, স্মৃতির বিয়ের নির্ধারিত দিনে, দুপুর দেড়টা নাগাদ তাঁর বাবা শ্রীনিবাস মান্ধানার বুকের বাঁ দিকে অ্যানজাইনার (Angina) মতো ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা হলে কিছু অসামঞ্জস্য ধরা পড়ায় তাঁকে একদিন পর্যবেক্ষণে রাখা হয়।
পারিবারিক চিকিৎসক ডাঃ নমন শাহ জানিয়েছেন, ক্রিকেটারের বাবার স্বাস্থ্যের বিষয়ে হাসপাতালের বিশেষ মেডিক্যাল টিম নজর রাখছে। সর্বশেষ খবর অনুসারে, তিনি এখন অনেকটাই ভালো আছেন এবং সেরকম হলে আজই (সোমবার) তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। এই অপ্রত্যাশিত ঘটনায় বিয়ের অনুষ্ঠানে সাময়িক শোকের ছায়া নেমে এসেছে।