উদয়পুরের বিয়েতে ‘রণবীর ঝড়’! ট্রাম্প জুনিয়রকে নাচিয়ে ভাইরাল সিং, কিন্তু কেন টেনে আনা হলো রণবীর কাপুরের ১১ বছরের পুরনো মন্তব্য?

রাজস্থানের উদয়পুর এখন আমেরিকার ভারতীয় শিল্পপতি রমা রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিলাসবহুল রাজকীয় বিয়ের জন্য আলোচনার কেন্দ্রে। বলিউড সিনেমাকেও হার মানানো এই অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন অভিনেতা রণবীর সিং। তাঁর এনার্জেটিক পারফরম্যান্স অতিথিদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকেও নাচে মাত করতে বাধ্য করেছে। কিন্তু যতটাই খুশির আলো ঝলমল করছে এই ভাইরাল ভিডিওতে, ঠিক ততটাই বিতর্ক তৈরি হয়েছে ১১ বছর আগের রণবীর কাপুরের এক পুরনো মন্তব্যকে ঘিরে।

রণবীর সিং-এর ‘এনার্জি ঝড়’
উদয়পুরের রাজকীয় আকাশে মন্টেনা কন্যা নেত্রা মন্টেনা ও বামসি গাদিরাজুর বিয়েতে তারকার ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু মঞ্চে উঠেই রণবীর সিং যেন গোটা অনুষ্ঠানকে একটি কনসার্টে পরিণত করেন। তাঁর হিট গান “হোয়াট ঝুমকা?”-র বিটে রণবীরের সঙ্গে পা মেলান ট্রাম্প জুনিয়র ও তাঁর গার্লফ্রেন্ড বেটিনা অ্যান্ডারসন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

রণবীর কাপুরের সেই বিতর্কিত উক্তি
রণবীর সিং-এর এই পারফরম্যান্সের ঠিক পরই নেটিজেনদের একাংশ তুলনা টেনে আনেন অভিনেতা রণবীর কাপুরের একটি পুরনো মন্তব্যের। ২০১১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর স্পষ্ট জানিয়েছিলেন, তিনি “কখনওই বিয়েতে টাকা নিয়ে নাচবেন না।”

তাঁর সেই মন্তব্যের কারণ ছিল পারিবারিক মূল্যবোধ। অভিনেতা বলেছিলেন, “আমার পরিবারের মূল্যবোধ! আমি যেই পরিবারের সদস্য, সেই পরিবারের সদস্য হিসেবে কখনওই মঞ্চে উঠে নাচব না যেখানে আমার সামনে একঘর লোক হাতে মদের গ্লাস হাতে দাঁড়িয়ে তা দেখবে এবং ইচ্ছেমতো, খেয়ালখুশির মন্তব্য করে যাবে! এটা আমার ও আমার পরিবারের পক্ষে অত্যন্ত মর্যাদাহানির বিষয়।”

কাপুর আরও জানিয়েছিলেন, “আমি কাউকে দোষ দিচ্ছি না, যারা করে তাদের নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমি নিজে বা আমার পরিবারের কোনও সদস্য এটা করুক, তা চাই না।”

নেটিজেনদের ট্রোলিং এবং তর্ক
রণবীর সিং-এর ভাইরাল নাচ এবং ট্রাম্প জুনিয়রের উপস্থিতি—এই দুইয়ের জেরে রণবীর কাপুরের সেই ‘নীতি-ভিত্তিক’ মন্তব্য ফের সামনে চলে এসেছে।

ট্রোলারদের একাংশ রণবীর কাপুরের ‘সম্ভ্রান্ত’ মূল্যবোধকে কুর্নিশ করছেন এবং ট্রোল করছেন রণবীর সিংকে।

অন্যদিকে, বলিউড ভক্তদের একাংশ যুক্তি দিচ্ছেন, দু’জনের কাজের স্টাইল এবং ব্যক্তিগত পছন্দ সম্পূর্ণ আলাদা, তাই এই তুলনা অযৌক্তিক। তাঁরা রণবীর সিং-এর এনার্জিকেই বলিউডের ‘ট্রু এন্টারটেইনমেন্ট’ বলে দাবি করছেন।

এই রাজকীয় বিয়েতে নাচ-গানের আড়ালে বলিউডের দুই জনপ্রিয় তারকার ভিন্ন মূল্যবোধের বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ায়, এই আলোচনা এত তাড়াতাড়ি থামার নয়।