‘যতই জ্ঞান দিই, হারলে খুব খারাপ লাগে!’, শাহরুখ খানের জীবনেও এসেছিল চরম অবসাদ, হোটেলের ঘরে কেঁদেছিলেন কেন?

বেতাজ বাদশাহ, বলিউড কিং—এই উপাধি যার নামের পাশে, সেই শাহরুখ খানের জীবনেও নেমে এসেছিল চরম বিষণ্ণতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর জীবনের এক কঠিন সময়ের কথা ফাঁস করেছেন, যখন হতাশা গ্রাস করেছিল তাঁকে। সেই সময়, হোটেলের ঘরে দুই সন্তানকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে হয়েছিল এই সুপারস্টারকে।

সালটা ছিল ২০১৪। সেই সময়ে তাঁর জীবনের ঝড় এসেছিল বিনোদন জগৎ থেকে নয়, বরং খেলার মাঠ থেকে।

২০১৪-র আইপিএল: হারের ধাক্কা
শাহরুখ খান তাঁর প্রিয় ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর মালিক। ২০১৪ সালে আবু ধাবিতে আইপিএল-এর প্রথমার্ধের খেলা চলছিল। কিন্তু সেখানে পরপর সব ক’টা ম্যাচেই পরাজয় ঘটছিল নাইটদের। দলের মালিক হিসেবে এই ব্যর্থতা গভীরভাবে আঘাত করেছিল শাহরুখকে।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “২০১৪ সালে আবু ধাবিতে পরপর সব কয়টা ম্যাচেই হেরে যাচ্ছিলাম আমরা। আমার মনে আছে আমার সন্তানদের সঙ্গে গিয়ে বসে থাকতাম। আর তারপরেই হোটেল রুমে একা একা ওদের সঙ্গে কাঁদতাম। আবার হেরে গেল, কী যে দুঃখ হতো।”

মিরাকল কামব্যাক এবং ‘পাঠান’-এর জয়
তবে দুঃখ কখনও চিরস্থায়ী হয় না—এই শিক্ষাই যেন তাঁর জীবন থেকে পেয়েছেন শাহরুখ। আইপিএল টুর্নামেন্ট যখন ভারতে ফিরে আসে, তখন KKR পরপর সব ক’টা ম্যাচেই জয়লাভ করতে থাকে এবং সেই সিজনেই তারা কাপও জেতে!

শাহরুখের কথায়, “সবাই হঠাৎ করেই ভাল খেলতে শুরু করে। জীবন আসলে এমনটাই। আমি তো আমার কেকেআরের এই ম্যাচগুলো থেকে শিক্ষা নিই।” যদিও তিনি স্বীকার করেছেন, যতই জ্ঞান দেওয়া হোক না কেন, টিম হারলে কষ্ট তাঁরও হয়, “যাই বলি না কেন, খারাপ তো লাগেই। খুব খারাপ লাগে। খুবই কষ্ট হয়।”

‘জিরো’র পর রেস্তোরাঁর ভাবনা
শুধু খেলার মাঠ নয়, কাজের দিক থেকেও মাঝের কটা বছর ‘খরা’ চলছিল কিং খানের জীবনে। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ২০১৮ সালে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ ছবি ‘জিরো’-ও (যেখানে ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা ছিলেন) ব্যর্থ হয়েছিল।

ওই সময় শাহরুখ খান সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর ছবি করবেন না, রেস্তোরাঁর ব্যবসা করবেন। মানুষ তাঁর ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বলে তিনি মনে করেছিলেন। কিন্তু চার বছর পর তিনি ‘পাঠান’ ছবির মাধ্যমে দুর্দান্তভাবে কামব্যাক করেন। তিনি আবারও প্রমাণ করেন, জীবন কখনও একই গতিতে চলে না। আজ তিনি আবারও বলিউডের সেরা স্টার। একের পর এক হিট ছবির পর এখন তাঁর আগামী প্রজেক্ট ‘কিং’ নিয়ে ব্যস্ত।