শুধু দিল্লিতেই এত দাম কেন? হু হু করে বাড়ল সিএনজি, পকেট ফাঁকা হতে চলেছ সাধারণ মানুষের!

দেশজুড়ে মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে ফের বাড়ল সিএনজির দাম। দিল্লিতে একলাফে প্রতি কেজি সিএনজির দাম ৩.৮৯ টাকা বৃদ্ধি পাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এই আচমকা মূল্যবৃদ্ধির জেরে সরাসরি বিজেপি সরকারকে নিশানা করেছে দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটি। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জোরালো দাবি তুলেছে বিরোধী শিবির।

দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি দেবেন্দ্র যাদব প্রশ্ন তুলেছেন, দেশের অন্যান্য রাজ্যে যেখানে এই ধরনের মূল্যবৃদ্ধির প্রভাব সেভাবে দেখা যাচ্ছে না, সেখানে কেন এক মাত্র দিল্লির আমজনতাকে এই চড়া দামের বোঝা বহন করতে হচ্ছে? নতুন দাম অনুযায়ী, রাজধানীতে এখন প্রতি কেজি সিএনজির দাম বেড়ে হয়েছে ৮৬.৯৮ টাকা। কংগ্রেস নেতৃত্বের মতে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ, তার ওপর সিএনজির এই অতিরিক্ত দাম অটো-ট্যাব চালক, মধ্যবিত্ত এবং প্রতিদিন গণপরিবহন ব্যবহারকারী লক্ষ লক্ষ যাত্রীর পকেটে সরাসরি বড় ধরনের টান ফেলবে।

কংগ্রেসের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, অতীতে রাজধানীতে দূষণ কমানোর লক্ষ্যেই সিএনজি-ভিত্তিক গণপরিবহন ব্যবস্থাকে প্রধান চালিকাশক্তি হিসেবে উৎসাহিত করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে যেভাবে একের পর এক মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে, তাতে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তুলেছে দল। অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।